পাবনা বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার
দাবি মেনে নেয়ায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি তাদের অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর তারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেন।
বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্মচারীদের দাবিগুলোর মধ্যে কতগুলো বিষয়ের ব্যাপারে কর্তৃপক্ষ আইন প্রণয়ন করবেন।
কর্মচারীদের সঙ্গে আলোচনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত সদস্যের একটি কমিটি করে দিয়েছিল। তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হওয়ার পর আন্দোলন প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে জানান কর্মচারী সমিতির এ নেতা।
কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান রাশেদ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আন্দোলনকারীদের সঙ্গে তাদের ১১ দফা দাবি-দাওয়া নিয়ে সমঝোতা বৈঠক হয়েছে। কয়েকটি দাবি লিখিত আকারে আইন প্রনয়ণ করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে।
এ বৈঠকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান, ছাত্র উপদেষ্টা হাবিবুল্লাহ, পদার্থ বিজ্ঞানের শিক্ষক খাইরুল আলম, অধ্যাপক দিলীপ কুমার, অর্থনীতি বিভাগের মীর খালেদ ইকবাল, উপ-পরিচালক (অর্থ) শাহান শাহ, কর্মচারী সমিতির নেতা রফিকুল ইসলাম, হারুন অর রশিদ, জহুরুল ইসলাম, শোহাগ হোসেন, সৈকত, নাজমুল প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্প্রতি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৭২ জনকে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেয় বলে অভিযোগ করে আসছে কর্মচারী সমিতি।
এর প্রতিবাদে ১ সেপ্টেম্বর থেকে কর্মচারী সমিতি আন্দোলন শুরু করে। তাদের দাবির মধ্যে রয়েছে চতুর্থ শ্রেণির কর্মচারীদের পদোন্নতির সময়সীমা কমানো, কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে নীতিমালা সংশোধন, সেকশন অফিসার পদের নিয়োগ বাতিল করে বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপণ অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, মাস্টাররোলে কর্মরতদের দ্রুত এডহক ভিত্তিতে নিয়োগ ইত্যাদি।
