গাইবান্ধায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার উপজেলার শালমারা ইউনিয়নের বুড়াবুড়ি গ্রামের একটি ধান ক্ষেত থেকে আব্দুল হকের (৪০) লাশ উদ্ধার করা হয়।
পেশায় কৃষক আব্দুল হক ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পরিবারের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী রাসেল জানান, মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বুড়িয়াহাট বাজার যান আব্দুল হক। রাতে আর বাড়ি ফেরেননি।
পরে সকাল ১০টার দিকে বাড়ির অদূরে ধান ক্ষেতে তার লাশ এলাকাবাসী দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
