‘কপিরাইট আইন ব্যবহারে সচেতন হতে হবে’
কপিরাইট আইন ব্যবহারে শিল্পীসমাজকে আরো বেশি সচেতন হতে হবে বলে মনে করেন কবি মুহম্মদ নুরুল হুদা।
তিনি বলেন, মেধাস্বত্ত্ব আইনটির যথাযথ প্রয়োগ হলে রাষ্ট্রের পাশাপাশি মেধাস্বত্ত্বাধিকারীও আর্থিকভাবে লাভবান হবেন।
বুধবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে ‘কপিরাইট সুরক্ষা ও সুফল: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি মুহম্মদ নুরুল হুদা।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাহেদ হোসাইনের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক নূর-উর-রহমান, কপিরাইট কার্যালয়ের কর্মকর্তা মনজুর মোর্শেদ চৌধুরী।
সেমিনার শেষে মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক ও কবি আহসান হামিদ, শাজাহান খান, কবি দুলাল সরকার, শাহানা শৈলী, সাংবাদিক ও ছোটগল্পকার রিপনচন্দ্র মল্লিক প্রমুখ।
