সাভারে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক
সাভারের নবীনগর বাসস্ট্যান্ডে যানবাহনে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার দুপুরে আটক মো. ফিরোজ (৩২) আশুলিয়ার কুরগাঁও এলাকার জালাল উদ্দিনের ছেলে।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহীন শাহ্ পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নবীনগর থেকে আব্দুল্লাপুর রোডে চলাচলকারী গ্রামীণ সেবা পরিবহন ৭০টি গাড়ির প্রতিটি থেকে ফিরোজ ও তার সহযোগীরা দীর্ঘ দিন ধরে ১১০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল।
তিনি বলেন, গ্রামীণ সেবা পরিবহন কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে নবীনগর বাসস্ট্যান্ডে চাঁদা আদায়ের সময় ফিরোজকে হাতেনাতে আটক করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে পরিবহন থেকে নেয়া চাঁদার ১৫১০ টাকা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
