আসিফ হত্যাচেষ্টা মামলায় ২ দিনের রিমান্ডে মুফতি জসীম
উগ্রপন্থী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীকে ব্লগার আসিফ মহিউদ্দীন হত্যাচেষ্টা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী বুধবার এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাঈনুল ইসলাম এদিন জসীমকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতে নেয়ার আবেদন করেন।অন্যদিকে রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চান আসামিপক্ষের আইনজীবী ফরিদউদ্দিন।
দুই পক্ষের শুনানি শেষে বিচারক কেশব রায় চৌধুরী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১২ অগাস্ট বরগুনার দক্ষিণ খাজুরতলা এলাকায় গোপন বৈঠক করার সময় মুফতি জসীমসহ ৩১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
জসীমকে গ্রেপ্তারের পরপরই পল্লবী থানায় ব্লগার রাজিব হত্যা মামলা ও উত্তরা পশ্চিম থানায় ব্লগার আসিফ হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ব্লগে লেখালেখির জন্য গত ১৪ জানুয়ারি রাতে উত্তরায় হামলার মুখে পড়তে হয় আসিফ মহিউদ্দীনকে। ছুরিকাঘাতের গুরুতর জখম নিয়ে বেশ কিছুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আরেক ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় গত ২ সেপ্টেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জসীম। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে পেয়েছিল পুলিশ।
গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে কুপিয়ে হত্যা করা হয় গণজাগরণ মঞ্চের কর্মী ও স্থপতি রাজীবকে, যিনি ইন্টারনেটে লেখালেখির মাধ্যমে ধর্মীয় উগ্রবাদীদের মুখোশ উন্মোচনে সক্রিয় ছিলেন।
জসীমকে গ্রেপ্তারের পরদিন ঢাকার মোহাম্মদপুরে তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে কম্পিউটার, ল্যাপটপ, বেশকিছু বই এবং অর্ধ শতাধিক সিডি উদ্ধার করে পুলিশ। এ সময় ১২ জনের ছবিসহ একটি তালিকাও উদ্ধার করা হয়, যাতে রাজীব এবং আসিফের নাম ছিল বলে পুলিশ জানায়।
গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলছেন, ‘জিহাদের’ মাধ্যমে সরকারকে হঠানোর লক্ষ্যে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা জসীমের নেতৃত্বে থানা থেকে অস্ত্র লুট, বিভিন্ন স্থাপনায় হামলা এবং ব্যাপক হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনা করেছিল।
