২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক হবে প্রাথমিকেও: প্রধানমন্ত্রী

মাধ্যমিকের পর এবার প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করার ইচ্ছার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 02:48 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, “মাধ্যমিক পর্যায়ে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। পর্যায়ক্রমে প্রাথমিক পর্যন্ত কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হবে।”

তথ্য-প্রযুক্তিখাতের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইন্টারনেট সেবা সহজলভ্য করতে সরকার ইতোমধ্যে ব্যান্ডউইডথের দাম কমিয়েছে।

তিনি বলেন, “ডিজিটাল বাংলাদেশ প্রায় করেই ফেলেছি। আর যতোটুকু বাকি আছে তা সম্পন্ন করে প্রতিটি ছেলে-মেয়ে যেন তথ্য-প্রযুক্তি ব্যবহার করতে পারে- সে ব্যবস্থা করে দেব।”

এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রতি জেলায় একটি করে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় অনুদানে স্থাপিত কম্পিউটার ল্যাবরেটরির উদ্বোধন করেন।

তিনি বলেন, “আমরা তরুণ-প্রজন্মকে আইসিটি জ্ঞানসমৃদ্ধ করে তাদের স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছি। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেও বেকার যুবসমাজ অর্থ উপার্জন করছে।”

এজন্য তথ্য প্রযুক্তির পাশাপাশি বিভিন্ন দেশের ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।

“আমাদের ছেলে-মেয়েরা মেধাবী। তাদের জন্য শুধু সুযোগ সৃষ্টি করতে হবে। তাদের উৎসাহিত করতে হবে।”

আইসিটি স্নাতক ও প্রকৌশলীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আইটি বিসনেজ ইনকিউবেটর স্থাপনের উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরণ প্রধানমন্ত্রীর হাতে কম্পিউটার ল্যাবরেটরির একটি মডেল তুলে দেন। পরে প্রধানমন্ত্রী তা ডেমরার শামসুল হক স্কুল ও কলেজের অধ্যক্ষ এবং দুই ছাত্র-ছাত্রীর হাতে তুলে দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১০ সালের ভারত সফরে ৪০-দফা ঘোষণায় বাংলাদেশ-ভারত সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত হয়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ২০১১ সালের বাংলাদেশ সফরকালেও বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যৌথ ঘোষণায় কম্পিউটার ল্যাব স্থাপনের সিদ্ধান্ত হয়।

কম্পিউটার ল্যাবরেটরি স্থাপনে অনুদানের জন্য ভারতের প্রধানমন্ত্রী ও সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরাও এগিয়ে যাচ্ছে। আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের সহায়তায় প্রতি জেলায় একটি করে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব চালু করা হচ্ছে।

বর্তমান সরকার প্রায় ৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করেছে। ধাপে ধাপে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা কথাও বলেন প্রধানমন্ত্রী।

শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত ল্যাবরেটরি ব্যবহার করে উক্ত বিদ্যালয় ও আশেপাশের অন্যান্য বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও জনসাধারণ ব্যবহারিক আইসিটি শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।

এ সব ল্যাবরেটরিতে জেলা এবং উপজেলা পর্যায়ের স্কুল-কলেজ শিক্ষকদেরও আইসিটি বিষয়ক প্রশিক্ষণ দেয়া হচ্ছে, বলেন প্রধানমন্ত্রী।

“বাঙালি মেধাবী জাতি। একটু ধরিয়ে দিলেই হয়।”

তথ্য-প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে নিজের ছেলে সজীব ওয়াজেদ জয়ের উদ্যোগের কথাও শেখ হাসিনা তার বক্তব্যে তুলে ধরেন।

জাতি গঠনে শিক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা ’৯৬ সরকারের সময় শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করি। স্বাক্ষরতার হার ৬৫ শতাংশে উন্নীত করি।

“দুঃখের বিষয় বাংলাদেশে যা হয়। সরকার পরিবর্তন হয়। তার সঙ্গে সবকিছু পরিবর্তন হয়।বিএনপি-জামাত জোট সরকার তা আবার ৪৫ শতাংশে নামিয়ে আনে।”

অনুষ্ঠানের ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরণ বলেন, দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষা করে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়। ভারত বাংলাদেশের সঙ্গে এই সম্পর্কে আরো শক্তিশালী করতে দৃঢ়প্রতজ্ঞ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান, বরিশালের জেলা প্রশাসক শহীদুল আলম এবং ডেমরার শামসুল হক স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেন।