পিটুনি দিয়ে বালু উত্তোলনকারীদের পুলিশে দিল জনতা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ব্রহ্মপুত্র নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৬ জনকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
এ সময় তাদের কাছ থেকে ২টি ড্রেজার, ৩টি বাল্কহেড আটক করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের একরামপুর মৌজায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বালু উত্তোলনের সময় গ্রামবাসী মেসার্স আলহামদুলিল্লাহ, সুমন অ্যান্ড জহিরুল নামের দুটি ড্রেজার এবং মেসার্স প্রিয়াঙ্কা, মেসার্স কে কে এন্টারপ্রাইজ ও এমবি ফকির নামের ৩টি বাল্কহেড আটক করে।
এ সময় জাকির মৃধা (৩৫), রমজান হোসেন (৩০), ইউসুফ (২৮), মোশারফ হোসেন (২৫), হায়দার আলী (৩৫) ও রহমানকে (৩২) গণপিটুনি দেয়া হয়।
এদের ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপর বালু ব্যবসায়ীরা হামলা চালায় বলে অভিযোগ করেন সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান খান।
কোস্টগার্ড গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ছয়জনকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
পরে কোস্টগার্ড আটকদের পুলিশে দিয়েছে বলে জানান ওসি।
