মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
দৈনিক হাজিরা ও মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে গাজীপুরের একটি সোয়েটার তৈরি কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার সকালে কাশিমপুর এলাকার পানিশাইল মাছিহাতা সোয়েটার কারখানার শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ ধাওয়া করে ও কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিল্প পুলিশ গাজীপুর জোনের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন জানান, সোমবার কর্তৃপক্ষ জুলাই মাসের বেতন-ভাতা পরিশোধ করেছে। শ্রমিকরা ওইদিন মালের (সোয়েটার) উৎপাদন দর ও হাজিরা বোনাস বাড়ানোর দাবি জানান।
কিন্তু সুরাহা না হওয়ায় সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সাতদিনের মধ্যে পিসরেট ও হাজিরা বোনাস বৃদ্ধি, ওভারটাইম ও নাইটবিল নগদ প্রদান এবং বাইরের লোক দিয়ে কারখানা শ্রমিকদের হয়রানির প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন।
এক পর্যায়ে সকাল পৌনে ১১টার দিকে তারা পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবোধের চেষ্টা ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে এবং কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
