২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বনাথে আধাবেলা হরতাল

বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে সিলেটের বিশ্বনাথ উপজেলায় আধাবেলা হরতাল করেছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 02:07 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

উপজেলা বিএনপি মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এই হরতালের ডাক দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে উপজেলা সদরে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। কোনো ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকানপাট খোলেনি।

হরতালের সমর্থনে সকাল সাড়ে ৮টায় উপজেলা সদরে মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

তবে সকাল থেকে কোথাও কোনো পিকেটিং বা গোলযোগের খবর পাওয়া যায়নি।

বিশ্বনাথ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আইনশৃংখলা নিয়ন্ত্রণে উপজেলা সদরসহ বিভিন্ন মোড়ে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত বছরের ১৭ এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ এম ইলিয়াস আলী।

এরপর ২৩ এপ্রিল বিশ্বনাথে বিএনপি বিক্ষোভ মিছিল করে থানা ঘেরাও করতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে তিন জন মারা যায়।

ওই ঘটনায় দায়ের করা মামলায় এ বছরের ২৫ অগাস্ট বিএনপির ৯১ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠায়।