২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি আবার বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পুরনো চ্যানেলে ফেরি পারাপার আবার বন্ধ হয়ে গেছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 01:28 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

বিআইডব্লিউটিসি জানায়, পুরনো চ্যানেলে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আটকা পড়লে সোমবার রাত ১০টার দিকে ফেরি পারাপার বন্ধ হয়ে যায়।

ড্রেজিংয়ের মাধ্যমে নতুন একটি চ্যানেল তৈরির চেষ্টা চলছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে উদ্ধার করে পাটুরিয়া ঘাটে নিয়ে আসা হয়।

পুরনো চ্যানেলে পানির গভীরতা অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় ড্রেজিংয়ের মাধ্যমে নতুন চ্যানেল তৈরির চেষ্টা চলছে বলে জানান ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার।

তিনি বলেন, নতুন চ্যানেল দিয়ে সোমবার বিকাল থেকে পরীক্ষামূলকভাবে ছোট ফেরি চালানোর চেষ্টা চলছে। তবে, মাঝে মাঝে আটকে যাওয়ায় তা এখনো পুরোপুরি চালু করা যায়নি।

এদিকে ফেরি পারাপার বিঘ্নিত হলেও পাটুরিয়া ঘাটে যাত্রীবাহী বাসের তেমন জট নেই। তবে পণ্যবাহী ট্রাকের জট রয়েছে।

যাত্রীদের দুর্ভোগ কমাতে ৩১ অগাস্ট রাতে ঢাকায় বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

ওই বৈঠকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীবাহী বাস পারাপার সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিআইডব্লিউটিসির পক্ষ থেকে জানানো হয়, আপাতত ছোট দুইটি ফেরির মাধ্যমে ট্রাক ও ছোট গাড়ি পারাপারের চেষ্ট করা হচ্ছে। অল্প কিছু বাসের যাত্রী লঞ্চের মাধ্যমে পারাপার করছে।