নিউ ইয়র্কে রিহ্যাব মেলা
দেশের আবাসন খাতে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে আকৃষ্ট করার লক্ষ্যে নিউ ইয়র্কে চলছে রিহ্যাব মেলা।
দেশের আবাসন নির্মাণকারীদের সংগঠনের উদ্যোগে রোববার শুরু হওয়া এই মেলা মঙ্গলবার পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রিহ্যাবের উদ্যোগে নিউ ইয়র্কে এবার এই মেলার একাদশ আয়োজন। এবারের স্লোগান- ‘প্রবাসে উপার্জন স্বদেশে আবাসন’।
নিউ ইয়র্কের এস্টোরিয়ায় এনটিভি ভবনে এই মেলায় দেশের ৫০টি আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এবারের মেলার পৃষ্ঠপোষকতায় রয়েছে ইউএস বাংলা এ্যাসেটস লিমিটেড।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ঢোকার সময় বিনামূল্যে একটি কুপন দেয়া হবে। পরে র্যাফেল ড্র-এর মাধ্যমে বিজয়ীকে নিউ ইয়র্ক-ঢাকা-নিউ ইয়র্ক বিমান টিকিট পুরস্কার দেয়া হবে।
