‘নির্বাচনে না গেলে বিএনপি মহাভুল করবে’
অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে বিএনপি ‘মহাভুল’ করবে বলে মনে করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
সোমবার তিনি নওগাঁয় বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটি এখন অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। অর্ন্তবর্তীকালীন সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি সেই নির্বাচনে অংশ না নিলে রাজনৈতিকভাবে তারা মহাভুল করবে।”
বিএনপি, জামায়াত ইসলামী ও হেফাজত দেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে আন্দোলনের নামে দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে উৎসাহিত করার পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন সাবেক এ স্বরাষ্ট্র মন্ত্রী।
এ সময় তিনি দলের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান।
বিকেলে নওগাঁ নওজোয়ান মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন নাসিম।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বি বকুর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন সাংসদ সাধন চন্দ্র মজুমদার, শহিদুজ্জামান সরকার বাবলু, আকরাম হোসেন চৌধুরী, আব্দুল মালেক, ইসরাফিল আলম, শাহিন মনোয়ারা হক, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম লিটন প্রমুখ।
জনসভা শুরুর আগে দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
