২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন হচ্ছে আইসিটি অধ্যাদেশ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 03:22 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, গত অগাস্টে এ অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। এই অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রক্রিয়ায় সংসদে পাঠানোর জন্য এবার ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন,২০১৩’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

গত ২৯ অগাস্ট অধ্যাদেশ অনুমোদনের সময় মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, এ আইনে শাস্তির মেয়াদ বৃদ্ধি করে ন্যূনতম ৭ বছর এবং সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সর্বোচ্চ ১০ বছর সাজার বিধান ছিল।

এছাড়া নতুন আইনে কিছু অপরাধ জামিন অযোগ্য করা হয়েছে। আগের আইনে সব অপরাধ জামিন যোগ্য ছিল বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

‘খারাপ’ উদ্দেশ্য নিয়ে তথ্য নষ্ট করা, অনুমতি ছাড়া ডেটা হস্তান্তর, হ্যাকিং, ইলেকট্রনিক্স মাধ্যমে অশ্লীল ও মানহানিকর তথ্য প্রকাশের মতো অপরাধ এ আইনের আওতায় পড়বে।

ব্লগার মশিউর রহমান বিপ্লব, সুব্রত অধিকারী শুভ, রাসেল পারভেজ ও আসিফ মহীউদ্দিন; আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এবং মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান শুভ্রকে এ আইনের মামলাতেই গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদের মধ্যে প্রথম চারজন বর্তমানে জামিনে আছেন।

আগের আইনে শাস্তির বিধান অপর্যাপ্ত ও অস্পষ্ট ছিল উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ‘অপপ্রয়োগ’ রুখতেই এ অধ্যাদেশ করা হচ্ছে।

“আগের আইনে কিছু অপরাধ নন-কগনিজেবল ছিল। কিন্ত নতুন আইনে এটি হবে কগনিজেবল অর্থাৎ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারবে।”

আগের আইনে মামলা করতে হলে মন্ত্রণালয়ের অনুমতি নিতে হতো। কিন্তু নতুন আইনে পুলিশ অপরাধ আমলে নিয়ে মামলা করতে পারবে।

পুরনো খবর:

আইসিটি আইনে শাস্তি বাড়ছে