২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় হত্যা: তদন্ত কর্মকর্তার জেরা

বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দকে জেরা করছেন আসামি বিএনপির নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর আইনজীবীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 11:38 AM

Updated : 23 Aug 2022, 06:49 PM

রাজধানীর বকশিবাজার এলাকায় সরকারি আলীয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অস্থায়ী এজলাসে এ মমালার কার্যক্রম চলছে।

সোমবার সকালে আদালতের কার্যক্রম শুরুর পর তদন্ত কর্মকর্তাকে জেরা শুরু করেন খন্দকার মাহাবুব হোসেন।

ব্যারিস্টার রফিক-উল হক, বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া ও মওদুদ আহমদ এবং অ্যাডভোকেট জয়নাল আবেদীনও আইনজীবী হিসাবে আদালতে উপস্থিত আছেন।

এর আগে গত ২২ এপ্রিল এ মামলায় নিজের জবানবন্দি উপস্থাপন করেন আবদুল কাহহার আকন্দ।

তিনি সেদিন বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার ৬২ স্থানে হত্যা, নির্যাতন, লুণ্ঠন চালিয়েছিল বিদ্রোহী জওয়ানরা।

এসব স্থানে সেনা কর্মকর্তাদের হত্যা, গণকবর, লাশ গুম, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটানো হয় বলেও বিচারক জহুরুল হককে জানান মামলার ৬৫৩ নম্বর সাক্ষী কাহহার আকন্দ। 

২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের সময় বিদ্রোহী বিডিআর সদস্যদের হাতে বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।

ওই ঘটনায় বিদ্রোহের বিচার বিডিআর আদালতে হলেও হত্যা-লুণ্ঠনের বিচার চলছে প্রচলিত আইনে।

হত্যা-লুণ্ঠনের মামলায় মোট আসামির সংখ্যা ৮২৪ জন। এর মধ্যে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুসহ ২৩ জন বেসামরিক ব্যক্তিও রয়েছেন।

বিশাল এ সংখ্যার আসামিদের একত্রে বিচারের জন্যই আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে বসানো হয়েছে অস্থায়ী এ আদালত।

পিন্টুর বিরুদ্ধে অভিযোগের বিষেয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুল হক এ মামলার অভিযোগ গঠনের শুনানিতে বলেছিলেন, “আসামি পিন্টু বিদ্রোহের ঘটনার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এছাড়া তিনি আসামিদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন।”

রক্তাক্ত ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পুনর্গঠন করা হয়। এ বাহিনীর নাম বদলে করা হয়বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।