২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালীগঞ্জে অস্ত্রসহ সাতজন গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার একটি বাড়ি থেকে অস্ত্রসহ সাত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 09:17 AM

Updated : 25 Apr 2022, 07:12 PM

কালীগঞ্জ থানার ওসি নাজমুল ইসলাম ভুঁইয়া জানান, রোববার রাত ১১টার দিকে মুনসেফপুর এলাকায় আনোয়ার হোসেনের দোতলা বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

এরা হলেন- বালিগাঁও এলাকার চাঁন মিয়ার ছেলে ওই বাড়ির মালিক আনোয়ার হোসেন (৩০),  দড়িসোম এলাকার সাদেক আলীর ছেলে মো. জিল্লুর রহমান (২২),  মুনসুরপুর গ্রামের মো. সোলায়মানের ছেলে আমীর হামযা (২৫) এবং নরসিংদীর হেমন্তসাহার মোড় এলাকার ফারুক মিয়ার ছেলে ঝিনুক মিয়া (২৯), ঘোড়াশালের খিলপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে মো. কুতুব উদ্দিন (২০),  পলাশের কান্দাপাড়া এলাকার আবুল কালামের ছেলে মো. আবীর (২২) এবং পলাশের করতেতুল এলাকার আব্দুল মতিনের ছেলে মো. মাসুদ (২৮)। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন,  ওই বাড়ি থেকে একটি পিস্তল, গুলি ভর্তি ম্যাগজিন, দুটি হাতবোমা, গান পাউডার ও হাতবোমা তৈরির উপকরণ,  ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার, সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশের এই কর্মকর্তা জানান,  কয়েকমাস আগে স্থানীয় ছোটন গাজীর কাছ থেকে বাড়িটি কেনেন আনোয়ার।  এর পর থেকে সেখানে ‘চাঁদ বিল্ডার্স’ নামের সাইনবোর্ড টানিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি নাজমুল ইসলাম।