২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ার বিরুদ্ধে সাম্রাজ্যবাদী যুদ্ধ নয়’

সিরিয়ার বিরুদ্ধে ‘সাম্রাজ্যবাদী’ যুদ্ধ ‘চাপিয়ে’ না দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ শান্তি পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 11:18 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

রোববার ঢাকায় শুরু হওয়া জাতীয় সম্মেলনে পরিষদের সম্পাদক হাসান তারিক চৌধুরী এই প্রস্তাব উপস্থাপন করেন।

প্রস্তাবে বলা হয়, “সিরিয়ার বিরুদ্ধে সাম্রাজ্যবাদী যুদ্ধ চাপিয়ে দেয়ার চক্রান্ত বন্ধ করতে হবে। দেশটিতে বিদেশি শক্তির উস্কানিতে সৃষ্ট জাতিগত-সম্প্রদায়গত সহিংসতা বন্ধ করতে হবে। সিরিয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

সাবেক ছাত্র নেতা হাসান তারিক বলেন, “বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক ও সামরিক কৌশলের অংশ হিসাবে ব্যবহার করা যাবে না।

“বাংলাদেশের ওপর চাপিয়ে দেয়া মার্কিন সাম্রাজ্যবাদের অন্যায় চুক্তিসমূহ বাতিল করতে হবে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনের খোঁড়া অজুহাতে মার্কিন সামরিক বাহিনীকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অংশীদার করা চলবে না।”

প্রস্তাবে বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ঘাঁটি বন্ধের আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, উত্তর কোরিয়া, ফিলিস্তিনকে নিয়ে সাম্রাজ্যবাদী তৎপরতা বন্ধ, আফগানিস্তান ইরাক লিবিয়াসহ অন্য দেশগুলো থেকে মার্কিন ন্যাটো সৈন্য প্রত্যাহার করতে হবে।

বিশ্ব শান্তি পরিষদের সহ-সভাপতি ও বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু ওই সম্মেলনে সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য রাখেন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও শফিক আহমেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ূন প্রমুখ।