২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের হট্টগোল

তারেকের অর্থপাচার মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেয়ার শুরুর দিনেই বিএনপিপন্থী আইনজীবীদের হট্টগোলে বিব্রত বিচারক এজলাস ত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 10:55 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

রোববার দুপুরে ঢাকার বিশেষ জজ-৩ আদালতে সাক্ষ্য দিতে তদন্ত কর্মকর্তা ইব্রাহীম কাঠগড়ায় উঠলে বিএনপিপন্থী আইনজীবীরা হট্টগোল শুরু করে।

এক পর্যায়ে হট্টগোলের বিব্রত হয়ে বিচারক মোতাহের হোসেন এজলাস ত্যাগ করেন।

সকালে আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণে মূলতবি আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে আসামি পক্ষের আইনজীবীদের কথা কাটাকাটি হয়।

সাক্ষ্যগ্রহণে সময় চেয়ে আসামিপক্ষ থেকে বলা হয়, এই মামলার বিচারের বিরুদ্ধে হাইকোর্টে তাদের করা রিটের শুনানি হবে আগামী ১৬ সেপ্টেম্বর। তাই তারা সাক্ষ্যগ্রহণের শুনানির মূলতবি চান।

এসময় আসামি পক্ষের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ফকরুল ইসলাম আদালতে নেই বলেও শুনানির জন্য সময় দাবি করেন অন্যতম আইনজীবী জাহিদুল ইসলাম কোয়েল।

এসয় এ আবেদনের বিরুদ্ধে জোড়ালো আপত্তি তোলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল ও মীর আহম্মেদ আলী  সালাম।

প্রত্যক্ষদর্শী কয়েকজন আইনজীবী  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম কাঠগড়ায় উঠলেই মামলার আসামি তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের আইনজীবিরা হট্টগোল শুরু করেন।

বিএনপিপন্থী আইনজীবিরা বিচারকের উদ্দেশ্যে বলতে থাকেন, “তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেয়া যাবে না। বন্ধ করুন মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ।”

এসময় বিএনপিপন্থী আইনজীবিদের সঙ্গে দুদকের আইনজীবিদের বাকবিতণ্ডা শুরু হয়। প্রায় বিশ মিনিট ধরে দুপক্ষের আইনজীবীদের মধ্যে বাক-বিতণ্ডা চলতে থাকে।

দুপক্ষের আইনজীবিদের আচরণে বিব্রত হয়ে দুপুর ২টায় শুনানির সময় রেখে বিচারক মোতাহার হোসেন এজলাস থেকে নেমে যান।

হট্টগোল প্রসঙ্গে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “এটা সত্য কথা যে, আমাদের কিছু জুনিয়র আইনজীবী আদালতে হট্টগোল করেছেন। আদালতে এধরণের হট্টগোল কখনোই কাম্য নয়। আমি আদালতকে সম্মান করি।”

তবে তারেক রহমানের আরেক আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাকিদের বলেন, এরকম হট্টগোল এর আগেও হয়েছে। তবে সিনিয়রদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

হট্টগোলের সময় দুদকের পক্ষে আইনজীবি হিসেবে উপস্থিত ছিলেন মোশররফ হোসেন কাজল, মীর আহমেদ আলী সালাম ও দুদকের আদালত পরিদর্শক নাসির উদ্দিন। এছাড়া দুদককে সহযোগিতা করতে আদালতে উপস্থিত ছিলেন ঢাকার মহানগর পিপি আব্দুল্লাহ আবু ও অতিরিক্ত পিপি তাপস কুমার পাল।

আর আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ফখরুল ইসলাম, মাসুদ আহমেদ তালুকদার, জাকির হোসেনসহ অর্ধশতাধিক আইনজীবী। মামলার আসামি গিয়াস উদ্দিন আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

পরে দুপুর ২টায় মামুনের প্রধান আইনজীবী আদালতে এসে মামলার জব্দ তালিকার সাক্ষী দুদকের উপ-পরিচালক তাহসিনুল হকের জেরা শেষ করেন। এসময় মামলার তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত ছিলেন।

আগামি ৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তার অবশিষ্ট সাক্ষ্যগ্রহণের জন্য দিন রাখেন বিচারক।

বিএনপির ভাইস-চেয়ারপারসন তারেক রহমান ও তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।

এ মামলায় ২০১১ সালের ৬ জুলাই তারেক ও মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

অভিযোগপত্র আমলে নিয়ে ২০১১ সালের ৮ আগস্ট মামুন ও তারেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

তারেক রহমানের অনুপস্থিতে এ অভিযোগ গঠন করা হয়। সেদিন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

এ মামলার পলাতক আসামি তারেক রহমান।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। সেই থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন।