প্রধানমন্ত্রীর জনসভায় নেই মুরাদ জং
সাভারের আশুলিয়ায় প্রধানমন্ত্রীর জনসভায় ছিলেন না স্থানীয় সাংসদ তালুকদার মো. তৌহিদ জং মুরাদ।
রোববার বিকালে তৈরি পোশাক শিল্পের নারী শ্রমিকদের জন্য একটি ১২তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
সেই সভায় আওয়ামী দলীয় সাংসদ মুরাদ জং ও সমর্থকদের অনুপস্থিতি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নানা জল্পনার জন্ম দিয়েছে।
সাভার উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা দৌলা সাংবাদিকদের জানান, ঈদের দিন অসুস্থ স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছেন মুরাদ জং। তিনি এখনও ফেরেননি। তাই প্রধানমন্ত্রীর সমাবেশে থাকা সম্ভব হয়নি তার।
“তবে মুরাদ জং সাভারের সাংসদ। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এতবড় আয়োজনে তার থাকা দায়িত্বের মধ্যে পড়ে। যত কাজই থাক, আগেভাগেই তার দেশে ফেরা প্রয়োজন ছিল।”
কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান সাকীক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলে সাংসদ তৌহিদ জং মুরাদের অবস্থা যে নড়বড়ে হয়ে পড়েছে প্রধানমন্ত্রীর এ কর্মসূচিই তার বড় প্রমাণ।
সম্প্রতি ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার সঙ্গে মুরাদ জংয়ের ঘনিষ্ঠতা এবং রানার কপালে মুরাদ জং চুমু খাচ্ছে এমন ছবি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সমালোচনার মধ্যে পড়ের স্থানীয় এই সাংসদ।
