বরিশালে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের হিজলা উপজেলায় ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টায় হিজলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সরদার ও লোকমান হোসেনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে শাকিল আহমেদ ও শাহবুদ্দিন সরদারকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হিজলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওমর ফারুক জানান, কলেজের মূল ভবনের পিছনে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে।
হিজলা থানার ওসি শওকত আনোয়ার জানান, কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। এ ঘটনার পর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনার জন্য ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সরদার ও লোকমান হোসেন একে অপরকে দোষারূপ করেন।
