পাবনায় পিটুনিতে ‘চরমপন্থি’ নিহত
পাবনার ফরিদপুর উপজেলার হাদল গ্রামে চরমপন্থি সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে জনতা।
রোববার সকাল ১০ টার দিকে এ ঘটনায় নিহত আব্দুল আজিজ (৩৫) হাদল গ্রামের আব্দুস সামাদের ছেলে।
তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ফরিদপুর থানার ওসি এস এম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন ধরে পলাতক এই আসামি শনিবার রাতে বাড়িতে আসেন।
সকালে গ্রামের লোকজন তাকে দেখে পিটুনি দেয়। মারাত্মক আহত অবস্থায় তাকে পুলিশ উদ্ধার করে। পাবনা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি ফারুক বলেন, এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপক অভিযোগ থাকায় গ্রামবাসীর পিটুনির শিকার হন আজিজ।
তার বিরুদ্ধে চাটমোহর থানায় হত্যা মামলা রয়েছে। এছাড়া তিনি ফরিদপুর থানার তালিকাভুক্ত সন্ত্রাসীও ছিলেন, বলেন ওসি।
