শীতলক্ষ্যায় ট্রলারডুবি, আহত ১০
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার সকালে ১ নং সেন্ট্রাল খেয়াঘাট টার্মিনাল ঘাট এলাকায় এ দুর্ঘটনার পর ট্রলারে থাকা ২০/২৫ জন যাত্রী সাঁতরে তীর উঠতে সক্ষম হন।
এই দুর্ঘটনার পর ক্ষুদ্ধ যাত্রীরা টোল ঘরে হামলা ও ভাংচুর চালায়। পরে পুলিশ গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজালাল জানান, সকাল ১০টার দিকে শীতলক্ষ্যা নদীর বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকা থেকে বন্দর পূর্বপাড়ে যাওয়ার সময় যাত্রীবাহী ট্রলারকে মতলব থেকে আসা একটি লঞ্চ ধাক্কা দেয়।
এতে ট্রলারটি ডুবে যায় এবং অন্তত ১০ যাত্রী আহত হন। আশপাশের মাঝি ও এলাকাবাসীর সহযোগিতায় অন্য যাত্রীরা তীরে উঠতে সক্ষম হন।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এই ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা ইজারাদারের অব্যবস্থাপনার অভিযোগে টোল প্লাজা এবং ধাক্কা দেয়া লঞ্চটিতে ব্যাপক ভাংচুর চালায়।
