‘মাদক চক্রে’ মেয়র মান্নানের বোন
গাজীপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নারীদের মধ্যে একজন সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নানের সৎ বোন বলে স্থানীয়রা জানিয়েছে।
সদর উপজেলার বিলাসপুরের একটি বাড়ি থেকে শুক্রবার রাত ১টার দিকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে জয়দেবপুর থানার ওসি এম এম কামরুজ্জামান জানান।
তারা হলেন- নাছিমা আক্তার (৫০), তার পুত্রবধূ খাদিজা আক্তার (২৮), সোনিয়া আক্তার (২৭), আব্দুল হালিম (৩৫) ও আমিরুল ইসলাম রানা (৩০)।
নাছিমা মেয়র মান্নানের সৎ বোন বলে গাজীপুরের কাউলতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিমউদ্দিন জানিয়েছেন।
মেয়রের পৈত্রিক বাড়ির এলাকার সাবেক ওই জনপ্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাছিমা মেয়র মান্নানের সৎ বোন এবং খাদিজা ও সোনিয়া মেয়রের ভাগ্নে বউ।”
জয়দেবপুর থানার এসআই আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইয়াবা সেবন, সরবরাহে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।
