মদনে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
নেত্রকোনার মদন পৌরসভায় দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২২০ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মদন ও জাহাঙ্গীরপুর এলাকাবাসীর মধ্যে এ সংঘর্ষ চলে। পরে রাবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মদন থানার ওসি স্বপন চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মদন ডিগ্রি কলেজে বিএ পরীক্ষার ফরম পূরনের টাকা কমানোর জন্যে গত বৃহষ্পতিবার থেকেই আন্দোলন করছে শিক্ষার্থীরা। শনিবার তারা ক্যাম্পাসে মিছিল করে।
এর জেরে মদন এলাকাবাসী অধ্যক্ষ আব্দুল হকের পক্ষে ও জাহাঙ্গীরপুরবাসীরা শিক্ষার্থীদের পক্ষ নিয়ে দেশিয় অস্ত্রসস্ত্রসহ মগড়া নদীর সেতুর কাছে সংঘর্ষে লিপ্ত হয়।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আব্দুল কদ্দুস ও মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সুব্রত রায় জানিয়েছেন, সংঘর্ষে ও পুলিশের রাবার বুলেটে আহত অন্তত শতাধিক এলাকাবাসীকে তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত ৬ জনের অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান আব্দুল কুদ্দুস।
ওসি আরো বলেন, আহতদের মধ্যে মদন থানার উপ-পুলিশ কর্মকর্তা আইয়ুব আলী, খোরশেদ আলম, কনস্টেবল সুজন মিয়া, বাবুল মিয়া ও জামাল রয়েছেন।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আওয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত রাখতে শনিবার রাত ১২টা পর্যন্ত মদন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
