২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিকরা পেটালো কারখানা কর্মকর্তাকে

গাজীপুরে একটি সোয়েটার কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও ভাংচুর করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 05:21 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

এ সময় তারা কারখানার উৎপাদন ব্যবস্থাপক আমিনুল ইসলামকে (৩৫) মারধরও করে।

শনিবার নগরীর পানিশাইলের মাছিহাতা সোয়েটার ফ্যাক্টরি লিমিটেডে এ ঘটনা ঘটে। পরে বেতন দেয়ার আশ্বাসে তারা চলে যায়।

শ্রমিকরা জানান, প্রতি মাসের ২০ তারিখ তাদের বেতন পরিশোধ করা হয়। কিন্তু চলতি অগাস্ট মাসের বেতন এখনো দেয়া হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে তারা বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি করে আসছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকেও শ্রমিকেরা কর্মবিরতি করছিল। এক পর্যায়ে তারা কারখানার সামনের জিরানী-কাশিমপুর সড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশের অনুরোধে অবরোধ থেকে বিরত থাকে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, কারখানার আট হাজার শ্রমিক কর্মবিরতি পালনের সময় উৎপাদন ব্যবস্থাপক আমিনুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্রমিকেরা আমিনুল ইসলামকে পিটিয়ে আহত এবং কারখানার ভেতর ভাংচুর করে।

এরপর কারখানা কর্তৃপক্ষ আগামীকাল রোববার বেতন দেয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা দুপুর দুইটার দিকে কারখানা ছেড়ে চলে যায়।

অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কারখানা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।