রাজশাহীর শাহীন হত্যা: বিএনপি নেতা গ্রেপ্তার
রাজশাহীতে আওয়ামী লীগ নেতা অ্যডভোকেট শাহীন আলম ওরফে শাহেন শাহ খুনের ঘটনায় বিএনপির ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার সকালে নিহতের বড়ভাই রজব আলী নগরীর রাজপাড়া থানায় মামলাটি দায়ের করেন।
এ হত্যা মামলায় রাজশাহী সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিল ও মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মনসুর আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
‘এলাকার মাদক ব্যবসার আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে’ বুধবার দুপুরে নগরীর গুড়িপাড়া ক্লাব এলাকায় শাহীন আলমকে কুপিয়ে হত্যা করা হয়।
রাজপাড়া থানার ওসি এবিএম রেজাউল করিম বলেন, মামলায় প্রধান আসামি করা হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিল ও মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য মনসুর আলীকে (৫০)।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভারতে পালানোর সময় মহানগর গোয়েন্দা পুলিশ নবগঙ্গা নদীর তীর থেকে মনসুর আলীকে গ্রেপ্তার করে। ওই সময় তিনি সীমান্ত এলাকার নবগঙ্গা নদীর তীরে নৌকার জন্য অপেক্ষা করছিলেন।
শুক্রবার শাহীন আলম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, মহানগরীর ১নং ওয়ার্ড মাদক জোন হিসেবে পরিচিত। ওই এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে কাউন্সিলর মনসুর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এর জেরে গত মঙ্গলবার সকালে মনসুর রহমান ও রজব আলীর কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হয়। এর পরদিন মনসুরের লোকজন রজব আলীর ছোটভাই শাহীন আলমকে কুপিয়ে হত্যা করে।
