সাভারে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার
সাভারের আশুলিয়া থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আশুলিয়া থানার উপপরিদর্শক আব্দুল লতিফ মিয়া জানান, শুক্রবার ভোরে কুরগাঁও বটতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।
আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেশীদের বরাত দিয়ে উপপরিদর্শক লতিফ জানান, কয়েকদিন আগে সালাম নামে এক ব্যক্তি ওই নারীকে স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়।
আগের রাতে ওই বাসায় ঝগড়ার শব্দ পাওয়া যায় বলেও প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন। তবে নিহতের নাম তারা জানাতে পারেননি।
এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে এসআই লতিফ জানান।
