ফরিদপুরে গোসল করতে নেমে ব্যবসায়ী নিখোঁজ
ফরিদপুরের মধুখালী উপজেলার চন্দনা নদীতে গোসল করতে নেমে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বাজার সংলগ্ন কালীমন্দির ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন ব্যবসায়ী পিনু সাহা।
তিনি মধুখালী বাজারের মুদি দোকান চালাতেন।
পিনু সাহার সঙ্গে গোসল করতে যাওয়া তার প্রতিবেশী ঝন্টু সাহা জানান, পিনু সাঁতরে নদীর ওপার গিয়ে ফিরে আসার সময় হঠাৎ ডুবে যায়। পরে দমকল বাহিনীকে বিষয়টি জানানো হয়।
ফরিদপুর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান, ছয় সদস্যের একটি ডুবুরি দল চার ঘণ্টার চেষ্টাতেও ওই ব্যবসায়ীকে উদ্ধার করতে পারেনি।
শেষ পর্যন্ত বিকেল পাঁচটার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয় বলে জানান কর্মকর্তা।
