দুই জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩
রংপুর এবং নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ও দুর্গাপুর ইউনিয়নে এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চিফলী দক্ষিণপাড়া গ্রামের মামুন মিয়ার ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র মারুফ হোসেন (৮) এবং ইমাদপুর ইউনিয়নের গয়েশপাড়া গ্রামের আকবর আলীর ছেলে দিনমজুর এরশাদ মিয়া (৩০)।
অপরদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় মারা যান মধ্য নরসিংপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে রুবেল মিয়া (১৭)।
মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল চারটার দিকে বাসায় টেলিভিশন চালু করতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান মারুফ হোসেন।
“বিকাল সাড়ে চারটার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে মারা যান এরশাদ। পুকুরের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ছেঁড়া তার পানিতে পড়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান এরশাদ।
এছাড়া নারায়ণগঞ্জে একটি ইটভাটার বিদ্যুৎ সংযোগের তারে স্পৃষ্ট হয়ে সকাল ১১টায় মারা যান কৃষক রুবেল মিয়া।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল আলম বলেন, রুবেল মারা যাওয়ার পর এলাকাবাসী লাশ নিয়ে বিক্ষোভ করে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
