চবিতে ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদন ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।
এ দাবি তুলে ধরে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মাধ্যমে উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দিয়েছে তারা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নোবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছর ভর্তি ফরমের দাম ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।
“ভর্তির আবেদন শুরু হওয়ার আগে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছি।”
তিনি বলেন, ভর্তি ফরমের দাম বাড়িয়ে দেয়ায় কোনো ভর্তিচ্ছু একাধিক ইউনিটে আবেদন করতে চাইলে তাকে অনেক টাকা খরচ করতে হবে।
“নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের একজন শিক্ষার্থীর পক্ষে তা অসম্ভব।”
দুপুরে স্মারকলিপি জমা দেয়ার আগে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন আন্দোলনকারী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। এতে জোটভুক্ত সংগঠন ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়।
মানববন্ধন শেষে একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রক্টর অফিসে গিয়ে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক খান তৌহিদ ওসমান বলেন, স্মারকলিপিটি উপাচার্যের কাছে পাঠানো হয়েছে।
আগামী ১২ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন গ্রহণ শুরু হচ্ছে। আগামী ৩১ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
