২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস ধর্মঘটে খুলনা বিভাগের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ

ঢাকার গাবতলীতে একটি দুর্ঘটনার পর বিক্ষুব্ধরা ঈগল পরিবহনের শ্রমিকদের মারধর, জোর করে কাউন্টার বন্ধ ও পাঁচটি বাস নিয়ে যাওয়ার প্রতিবাদে খুলনা বিভাগে বাস ব্যবসায়ী ও শ্রমিকরা ধর্মঘট শুরু করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 05:54 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে খুলনা বিভাগের ১০ জেলার সঙ্গে ঢাকার বাস যোগাযোগ একেবারে সীমিত হয়ে পড়েছে।

ঈগল পরিবহনের স্বত্ত্বাধিকারী পবিত্র কাপুড়িয়া জানান, বুধবার সন্ধ্যায় গাবতলীতে ঈগল পরিবহনের একটি মিনিবাসের চাপায় মতিয়ার নামে এক যুবক মারা যায়।

বিষয়টি মীমাংসার জন্য তার পরিবারের সঙ্গে কর্তৃপক্ষ আলাপ-আলোচনা করছিল।

এ অবস্থায় বৃহস্পতিবার সকালে স্থানীয় কিছু যুবক গাবতলী কাউন্টার থেকে ঈগল পরিবহনের ৫টি বাস জোর করে নিয়ে যায় এবং কাউন্টার বন্ধ করে দেয়।

এছাড়া তারা শ্রমিকদের মারধর করে বলেও অভিযোগ করেন পবিত্র কাপুড়িয়া।

বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম মিন্টু জানান,  ওই ঘটনায় শ্রমিকদের মারপিট করা হয়েছে।

“এ অবস্থায় মালিক-শ্রমিকরা যৌথ সিদ্ধান্তে দুপুর আড়াইটা থেকে খুলনা বিভাগের সড়ক রুটে পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে।”

এছাড়া বরিশাল বিভাগেও যাতে গাড়ি চলাচল না করে সে চেষ্টা করা হচ্ছে বলে জানান ওই শ্রমিক নেতা।

এদিকে খুলনার রয়েল মোড়ের ঈগল কাউন্টারের ব্যবস্থাপক আলাউদ্দিন জানান, দুপুর ২টার পর থেকে ঢাকা থেকে কোন বাস আসছে না। খুলনা থেকে ঢাকায়ও তাদের কোন বাস ছেড়ে যায়নি।

“সমস্যার সমাধান না হওয়া পর‌্যন্ত এ ধর্মঘট চলবে।”