২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ইউএনও’র অপসারণ দাবিতে ঘেরাও

দুর্নীতি, অনিয়ম ও দুর্ব্যবহারসহ নানা অভিযোগে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী  কর্মকর্তার (ইউএনও) অপসারণের দাবিতে তার কার্যালয় ঘেরাও করেছে উপজেলার ইউপি চেয়ারম্যান ও সদস্যরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 04:59 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইউএনও সুব্রত পালের অপসারণ দাবিতে তার কার্যালয় অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।

উপজেলার সাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে মিছিল নিয়ে কয়েক হাজার মানুষ ইউএনও’র কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

এ সময় তারা ইউএনও’র অপসারণ দাবি করে শ্লোগান দেয়।

অবরোধ কর্মসূচির শেষে এক প্রতিবাদ সভায় ইউএনও’র অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন চেয়ারম্যানরা।

এতে লতিবাবাদ ইউনিয়নের আব্দুর রাজ্জাক, রশিদাবাদ ইউনিয়নের সিরাজ মিয়া, মহিনন্দ ইউনিয়নের নুরুল হুদা, বিন্নাটি ইউনিয়নের শফিকুল ইসলাম, মারিয়া ইউনিয়নের সালাউদ্দিন আহমেদ, চৌদ্দশত ইউনিয়নের আব্দুল করিম ও বৌলাই ইউনিয়নের তোফাজ্জল হোসেন কাদেরসহ তার সমর্থক ও ইউপি সদস্যরা অংশ নেন।

তবে এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা সুব্রত পালের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ইউনও’র অপসারণ দাবি করে এর আগেও মানববন্ধন, সংবাদ সম্মেলন ও মিছিল-সমাবেশ  হয়েছে।

এছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ  করেও ইউএনও’র অপসারণ দাবি করেন।