জামালপুরে ফেনসিডিল উদ্ধার, যুবলীগ নেতার স্ত্রী আটক
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক যুবলীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে চারশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় ওই যুবলীগ নেতার স্ত্রীকে আটক করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে যুবলীগ নেতা আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ সময় আনোয়ার পালিয়ে যায়। পুলিশ তার স্ত্রী আনোয়ারা বেগমকে (২৭) আটক করেছে।
দেওয়ানগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আনোয়ারাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
