রাজধানীতে গৃহবধূর লাশ উদ্ধার
রাজধানীর ভাটারা এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তার নাম জরিনা বেগম বৃষ্টি (১৮)।
গুলশান থানার এসআই জয়নাল আবেদীন জানান, ভাটারার ওলিপুর সরকার এলাকার হাজি জালাল খানের বাড়িতে মেয়েটি স্বামী মোহাম্মদ আলীর সঙ্গে থাকতো। বুধবার সকালে বাড়ির বিছানায় তার মৃতদেহ দেখতে পেয়ে স্বজন ও প্রতিবেশীরা ভাটারা থানায় খবর দেয়।
পরে বিকাল ৪টায় গুলশান থানা পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের স্বামী আলী পেশায় একজন রিকশা চালক।
পুলিশ কর্মকর্তা জয়নাল বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে।”
তবে নিহতের দুই বোন মুক্তা বেগম ও আসমা বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।
