২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে উন্নয়নের দাবি ফটিকছড়িবাসীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছে ফটিকছড়ি উন্নয়ন পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 03:10 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি তুলে ধরেন পরিষদের সভাপতি এ টি এম পেয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার চট্টগ্রাম সফরে ফটিকছড়ি পেলাগাজীর দীঘি এলাকায় সড়ক ও জনপথ বিভাগের মাঠে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

বর্তমান সরকারের সময়ে ফটিকছড়িতে নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তথ্য তুলে ধরে গত সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসনে আওয়ামী লীগের প্রার্থী পেয়ারুল ইসলাম বলেন, “গত নির্বাচনে ফটিকছড়িবাসী এমপি উপহার দিতে না পারলেও প্রধানমন্ত্রী আমার মাধ্যমে প্রায় ৩০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছেন।”

সরকারের শেষ সময়ে নাজিরহাট-নারায়ণহাট-হেঁয়াকো-বারৈয়ারহাট সড়ককে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প মহাসড়ক হিসেবে সম্প্রসারণ, চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন ভারত সীমান্ত পর্যন্ত বর্ধিতকরণ, রামগড় সীমান্তে বাংলাদেশ-ভারত স্থল বন্দর স্থাপন, ডলু এলাকায় বিসিকি শিল্প নগরী স্থাপন, একনেকে পাশ হওয়া বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক দ্রুত নির্মাণ ও ফটিকছড়ি কলেজ সরকারি করার দাবি প্রধানমন্ত্রীর বরাবরে তুলে ধরেন তিনি।

চলতি বছরের ১১ এপ্রিল ফটিকছড়ির ভুজপুর থানাধীন কাজীর হাট এলাকায় পেয়ারুলের নেতৃত্বে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল বের হলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই মিছিলে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তিনজন নিহত হন এবং পুলিশ-বিজিবিসহ আহত হন দেড়শ জন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পেয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেদিন তাদের মিছিলে চোরাগোপ্তা হামলা হয়েছিল। স্বাধীনতা বিরোধীরা দেশের একটি ক্ষুদ্র অংশ। বাংলাদেশে যেমন তাদের স্থান নেই, ফটিকছড়িতেও তাদের স্থান নেই।” 

অন্যদের মধ্যে উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রকৌশলী মো. হারুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মজিবুল হক, আইনজীবী কামাল উদ্দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।