জীবননগর সীমান্তে মাদকদ্রব্য উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভারত থেকে আনা মাদকদ্রব্য ও ইলেক্ট্রনিক পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার ভোরে চ্যাংখালী সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ৩২ বোতল ফেনসিডিল, পাঁচ বোতল ভারতীয় মদ ও বেশকিছু টেলিভিশন যন্ত্রাংশ।
বিজিবির জীবননগরের গহেশপুর ক্যাম্পের হাবিলদার শওকত আলী জানান, গোপন সংবাদ পেয়ে গহেশপুর ক্যাম্পের একদল বিজিবি সদস্য চ্যাংখালী সীমান্তে অভিযান চালায়।
বিজিবি সদস্যদের দেখে ৪/৫ জন চোরাকারবারি এসব মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
এ ব্যাপারে মামলা দায়ের করা হবে বলে জানান বিজিবি হাবিলদার শওকত আলী।
