২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপির সভায় হট্টগোল-হাতাহাতি

দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের উপস্থিতিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কর্মী সমাবেশে হট্টগোল ও হাতাহাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 09:00 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

মঙ্গলবার বিকালে নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে এই সমাবেশ হয়।

সভাস্থলে উপস্থিত কর্মীরা বিভিন্ন নেতাদের পক্ষে-বিপক্ষে স্লোগান দিতে থাকলে দুই বার হাতাহাতির ঘটনা ঘটে।

মঞ্চে উত্তর জেলার সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী ও সহ-সভাপতি এসএম ফজলুল হকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়।

সমাবেশ শুরুর কিছু সময়ের মধ্যে রাউজান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন বক্তৃতা শুরু করলে তাকে উদ্দেশ্য করে একদল ‘ভুয়া’ স্লোগান দিতে শুরু করলে হলের ভেতরে ইট ছোড়াছুড়ি হয়। এসময় এক ছাত্রদলকর্মী আহত হন।

এদিকে, সহ-সভাপতি ও মিরসরাই থেকে গত নির্বাচনে অংশ নেয়া প্রার্থী অধ্যাপক কামাল উদ্দিন বক্তব্য দেয়ার সময় আবার হট্টগোল শুরু হয়।

উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সভাপতিত্বে এই কর্মী সমাবেশে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, সাংসদ মোস্তফা কামাল পাশা, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।

সমাবেশে এম কে আনোয়ার বলেন, “আওয়ামী লীগ তার দুর্নীতি থেকে মানুষের নজর সরিয়ে নেয়ার জন্য দেশে সঙ্কট সৃষ্টি করেছে।

শেখ হাসিনা গত নির্বাচনের আগে দেয়া কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি দাবি করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী যদি কোনো কোনো ওয়াদা পূরণের প্রমাণ দেখাতে পারেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।”

সরকারের আমলে কয়েক হাজার মানুষ ‘গুম’ হয়েছে দাবি করে এম কে আনোয়ার বলেন, “ঢাকায় আবর্জনার স্তূপে উদ্ধার হওয়া কঙ্কালগুলো এসব গুম হওয়া মানুষের।”

বর্তমান সরকারের আমলে ৮০০ মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।