খুলনায় ব্যবসায়ী হত্যা মামলায় ১৩ ‘চরমপন্থীর’যাবজ্জীবন
খুলনার ডুমুরিয়া উপজেলার ব্যবসায়ী আব্দুর রহমানকে অপহরণ, হত্যা ও লাশ গুমের মামলায় ১৩ ‘চরমপন্থীর’ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
খুলনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান মঙ্গলবার বিকালে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মনতোষ বসাক, দীপ্তি শংকর, প্রভাত মণ্ডল, শংকর, অপূর্ব, দেবুপ্রসাদ ওরফে দেবু, তপন, জগু ওরফে জগদীশ, পরেশ, প্রীতিশ হালদার, জাকির, অনিল ও বিশ্ব।
এদের মধ্যে প্রভাত, জাকির ও বিশ্ব গ্রেপ্তার হয়েছেন, বাকিরা পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নব কুমার চক্রবর্তী জানান, এরা সবাই নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য।
২০০৩ সালের ১৬ এপ্রিল চরমপন্থী দলের সদস্যরা অস্ত্রের মুখে উপজেলার শোভনা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আব্দুর রহমানকে অপহরণ করে।
পরে তার লাশ গুম করে ফেলে। এ ঘটনায় অব্দুর রহমানের স্ত্রী কাকলি বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।
আইনজীবী জানান, ১৩ জনের প্রত্যেককে যাজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
