২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীভাঙন রোধের বরাদ্দে ডেপুটি স্পিকারের ক্ষোভ

সরকারি দপ্তরগুলোর সমন্বয়হীনতার কারণে নদীভাঙন রোধ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ডেপুটি স্পিকার শওকত আলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 07:20 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

তিনি বলেছেন, “সরকারি দপ্তরগুলোর মধ্যে কাজের সমন্বয় নেই। সরকারের আন্তরিকতা সত্ত্বেও সমন্বয়ের অভাবে নদীভাঙন রোধ করা যাচ্ছে না। অথচ এটি দেশের সব থেকে বড় দুর্যোগ।”

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের আইপিডি সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, “শরিয়তপুরের নড়িয়া উপজেলাসহ বিস্তীর্ণ এলাকা এখন বিলীন হওয়ার উপক্রম। অথচ বারবার অনুরোধ সত্ত্বেও এনিয়ে সরকারি দপ্তরগুলোর কোনো পদক্ষেপ নেই। পাউবো ও বিআইডব্লিউটিএর সমন্বয়হীনতার কারণে ভাঙন রোধের কাজ বাধাগ্রস্ত হচ্ছে।”

প্রভাবশালীরা নদীভাঙন রোধের বরাদ্দ নিয়ে যান বলেও অভিযোগ করেন তিনি।

শরিয়তপুর-২ আসন থেকে নির্বাচিত শওকত আলী বলেন, “সরকার নদীভাঙন রোধে প্রতিবছর বরাদ্দ দিলেও প্রভাবশালীরা সেই বরাদ্দ নিয়ে যান। এক্ষেত্রে অগ্রাধিকারের বিষয়টি গুরুত্ব দেয়া হয় না। ফলে জনগণের দুর্ভোগ বাড়ে।”

আওয়ামী লীগের সংসদ সদস্য দবিরুল ইসলাম মন্ত্রণালয়ের কাজের সমালোচনা করে বলেন, “নদীভাঙন রোধে যে ব্লক ফেলা হয় সেই প্রকল্পে ৬০ শতাংশ বরাদ্দই চুরি যায়। কাজের কাজ কিছু হয় না।”

“জনপ্রতিধিদের পরামর্শ গুরত্ব দেয়া হয় না। যোগ্য লোককে সঠিক স্থানে বসাতে না পারার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।”

পদ্মা নদীর ভাঙন নিয়ে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আইইডি’র নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মান্নান ও নূর আফরোজ আলী।

আলোচনায় অংশ নেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর প্লানিং চিফ জহিরুল ইসলাম, শরীয়তপুর সমিতির সভাপতি আনিস উদ্দিন মিয়া, ডেপুটি স্পিকারের স্ত্রী মাজেদা শওকত আলী প্রমুখ।