নানা প্রতারণায় ১০ ওষুধ বিক্রেতাকে সাজা
রাজধানীর শ্যামলী এলাকায় অবৈধ ওষুধ বিক্রি, লাইসেন্স না থাকা এবং কুরুচিপূর্ণ বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে ১০ হারবাল ও হোমিওপ্যাথিক ওষুধ বিক্রেতাকে সাজা দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন- কলিকাতা হারবালের সুজন সিং, শাকিল আহমেদ, আজমিরী ষ্টোন হাউজের মালিক মো. জাহাঙ্গীর, ভিআইপি হোমিও হলের এমকে আনোয়ার, শফিকুল ইসলাম, মো. রফিক, মো. শহীদুল ইসলাম, মো. মোস্তাফা ও কলি ইউনানীর নাসির উদ্দিন, এম এ হারুন-উর-রশিদ।
মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তাদের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন র্যাবের ম্যাজিস্ট্রেট শরীফ মো. ফরহাদ হোসেন।
তিনি বলেন, এ চক্রটি কুরুচিপূর্ণ বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে প্রতারিত করে আসছিল।
“তাছাড়া ওই সব দোকানের ড্রাগ লাইসেন্স ছিল না, বিক্রয় নিষিদ্ধ ওষুধও তাদের কাছে পাওয়া গেছে।”
অভিযানে চারটি দোকান সিলগালা করা হয়েছে বলে তিনি জানান।
