তিন পররাষ্ট্র কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
পররাষ্ট্র ক্যাডারের তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
এরা হলেন- অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম মারুফ জামান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আশরাফ উদ্দিন ও মোহাম্মদ হাসিব আজিজ।
তারা তিনজনই বেশ কিছুদিন ধরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়ে ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুস সোবহান সিকদার মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ই তাদের অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করেছে।”
ওই তিন কর্মকর্তার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ার ‘জনস্বার্থে’ তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে আদেশে বলা হয়।
তিন জনের মধ্যে মারুফ সেনাবাহিনী থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। আশরাফ পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচ এবং হাসিব ১৯৮২ ব্যাচের কর্মকতা ছিলেন।
তারা তিনজনই বেশ কিছুদিন ধরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়ে ছিলেন, ফলে নির্দিষ্ট কোনো কাজের দায়িত্ব তাদের ওপর ছিল না।
বর্তমান সরকারের মেয়াদের শেষ পর্যায়ে এসে এ নিয়ে সাত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।
কয়েক মাস আগে ওএসডি অতিরিক্ত সচিব নাসিমুল গণি ও এ কে এম আকমল হোসেন আজাদ এবং ওএসডি যুগ্মসচিব এম এ মোমেন ও মো. শফিউল্লাহকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
