২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যেখানে শিবির সেখানে প্রতিরোধ’

যেখানে শিবির সেখানে প্রতিরোধ করার আহ্বান জনিয়েছেন ছাত্রলীগ ও বাম ছাত্র সংগঠনের নেতারা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 04:32 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হাসান তুহিনের হাত-পায়ের রগ কাটার প্রতিবাদে মঙ্গলবার ক্যাম্পাসে এ ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানানো হয়।

সমাবেশে ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ দলের নেতাকর্মীদের উপর হামলা ও রগ কাটার প্রতিবাদে আগামী ২ সেপ্টেম্বর সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে রাজশাহীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র নেতাদের উপর হামলাকারি শিবির ক্যাডারদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দিয়ে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অচল করে দেয়া হবে।

সমাবেশে উপস্থিত বক্তারা আরো বলেন, যেখানেই শিবির দেখা যাবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। আঘাত করলে পাল্টা আঘাত করা হবে। তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না।

স্বাধীনতাবিরোধী এ অপশক্তির মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ফজলে হোসেন বাদশা ও ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি বাপ্পাদিত্য বসু, জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয়  সভাপতি শামসুল ইসলাম সুমন, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর রহমান মিঠু, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তানভির রুশতম, ছাত্র সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুল জলিল শান্ত প্রমুখ।