নিজামীর বিরুদ্ধে আরো ৫ সাক্ষী
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর নিজামীর বিরুদ্ধে আরো পাঁচজনের সাক্ষ্যগ্রহণের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।
এই পাঁচ সাক্ষী হলেন- জহুরুল হক, আবু সামা ফকির, তহুরুল আলম মোল্লা, মো. ইউসুফ আলী বিশ্বাস ও শাহজাহান আলী।
বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এ আদেশ দেয়।
সোমবার অতিরিক্ত পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করেন প্রসিকিউটর মোহম্মদ আলী।
এ নিয়ে নিজামীর বিরুদ্ধে তিন দফায় অতিরিক্ত সাক্ষী অন্তর্ভুক্ত করা হল।
এ নিয়ে নিজামীর বিরুদ্ধে মোট সাক্ষীর সংখ্যা দাঁড়ালো ১০৪ জন।
এর আগে রোববার প্রসিকিউশনের ১৭তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন। সোমবার তাকে জেরা করা শেষ করেন মতিউর রহমান নিজামীর আইনজীবী মিজানুল ইসলাম।
রোববার দেয়া সাক্ষ্যে জামাল উদ্দিন জানান, মুক্তিযোদ্ধা গ্রুপের কমান্ডার হিসেবে কাজ করার সময় মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়া অনেক রাজাকার, আলবদর সদস্যদের কাছ থেকে তিনি জানতে পারেন, পাবনা জেলার বিভিন্ন জায়গায় যে সব অপরাধ সংঘটিত হয়েছে তা নিজামীর পরামর্শে ও নেতৃত্বে হয়েছে।
ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে করা এক মামলায় ২০১০ সালের ২৯ জুন মতিউর মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক দেখানো হয়।
