২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐশীকে কারাগারে পাঠাতে উকিল নোটিস

স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় গ্রেপ্তার তাদের একমাত্র মেয়ে ঐশী রহমানকে কিশোরী উন্নয়ন কেন্দ্র থেকে ২৪ ঘণ্টার মধ্যে কারাগারে পাঠাতে উকিল নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 03:25 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

আবেদনকারী ইউনুস আলী আকন্দের দাবি, বার্থ সার্টিফিকেট অনুসারে ঐশীর বয়স ১৯ বছর। নতুন শিশু অধিকার আইন তার ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ তা বাস্তবায়ন হয়েছে ঐশীর বিরুদ্ধে মামলা হওয়ার পর, গত ২১ অগাস্ট।

সুতরাং আগের আইন অনুযায়ী ১৬ বছরের বেশি বয়স হওয়ায় তাকে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন এই আইনজীবী।

তার ওই নোটিস মঙ্গলবার কুরিয়ারের মাধ্যমে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, গোয়েন্দা পুলিশের ডেপুটি কমিশনার, ঢাকার মুখ্য মহানগর হাকিম, পল্টন থানার ওসি, মামলার তদন্ত কর্মকর্তা, টঙ্গীর জাতীয় কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়।

নোটিসে বলা হয়, ঐশীকে কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ প্রত্যাহার করে তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারাগারে পাঠাতে হবে। তা না হলে ইউনুস আলী হাই কোর্টে রিট আবেদন করবেন।

গত ১৬ অগাস্ট সন্ধ্যায় ঢাকার চামেলীবাগের ফ্ল্যাট থেকে এসবির পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। মেয়ে ঐশী, ছেলে ঐহী ও গৃহকর্মী সুমিকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন তারা।

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ও লেভেলের ছাত্রী ঐশী ১৫ অগাস্ট সকালে তার সাত বছর বয়সী ছোট ভাই ঐহী ও সুমিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় বলে ওই বাড়ির তত্ত্বাবধায়ক জানান। দুই দিন নিখোঁজ থাকার পর ১৭ অগাস্ট তিনি নিজেই পুলিশের কাছে ধরা দেন।

পুলিশের দাবি, ‘মাদকাসক্ত’ ঐশীর ‘উচ্ছৃঙ্খলতায়’ বাধা দেয়ায় বাবা-মায়ের প্রতি তার ক্ষোভ ছিল। হত্যাকাণ্ডের পর খোয়া যাওয়া কিছু গয়নাও ঐশীর কাছে পাওয়া গেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

ঐশীকে রিমান্ডে পাঠানো নিয়ে প্রশ্ন ওঠায় তার বয়স প্রমাণের জন্য আদালতের অনুমতি নিয়ে ডাক্তারি পরীক্ষা করেছে পুলিশ। ওই প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

ঐশীর স্কুলের রেকর্ড অনুযায়ী তার বয়স ১৮ বছরের কম। এই বয়সের কাউকে গ্রেপ্তার ও রিমান্ড শিশু অধিকারের লঙ্ঘন বলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান জানিয়েছেন। নতুন আইনেই তার মামলা চলা উচিৎ বলেও তিনি মত দিয়েছেন। 

ঐশীর পাশাপাশি শিশু গৃহকর্মীকে সুমিকে রিমান্ডে নেয়া নিয়েও প্রশ্ন উঠেছে।

৫ দিনের রিমান্ড ও আদালতে ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি দেয়ার পর গত শনিবার ঐশীকে কারাগারে পাঠায় আদালত। ওই দিন রাতেই ঐশী ও সুমিকে গাজীপুর কিশোরী উন্নয়ণ কেন্দ্রে পাঠানো হয়।

পুরনো খবর:

কিশোরী উন্নয়ন কেন্দ্রে ঐশী
বাবা-মাকে একাই হত্যা করে ঐশী: পুলিশ