২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনবাজার ক্যাম্পের ২৩ পুলিশ প্রত্যাহার

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে মহাসড়ক অবরোধের একদিন পর সাভারের আমিনবাজার অস্থায়ী পুলিশ ক্যাম্পের ২৩ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 03:11 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

মঙ্গলবার দুপুরে ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমানের নিদের্শে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। ওই ক্যাম্পে নতুন একজন এসআই ও একজন এএসআইসহ ২১ পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে।

প্রত্যাহার হওয়াদের মধ্যে রয়েছেন এএসআই লুৎফর রহমান, এএসআই ফারুক হোসেন, এএসআই মো. আশরাফ, সুবেদার ইউনুছ মিয়া, নায়েক আরমান হোসেন, হাবিলদার ফারুক হোসেন, কনস্টেবল হাবিবুল্লাহ, সরোয়ার হোসেন, মাইনুল হোসেন, আল-আমিন, শাখাওয়াত হোসেন, রুহুল আমীন, হুমায়ুন কবীর।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার আমিনবাজার ক্যাম্পের পুলিশ সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ীদের মহাসড়ক অবরোধের ঘটনায় প্রাথমিকভাবে ২৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বিষয়টির তদন্ত চলছে। তদন্তে চাঁদাদাবির ঘটনা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে, বলেন তিনি।

সাভার মডেল থানার এএসপি মশিউদ্দৌলা রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ক্যাম্পে নতুন করে উপপরিদর্শক (এসআই) খালিদ হোসেন মুন্সি ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেজবাহ উদ্দিনসহ ২১ পুলিশ সদস্যকে দায়িত্ব দেয়া হয়েছে।

ক্যাম্পে নতুন দায়িত্ব পাওয়া এএসআই মেজবাহ উদ্দিন বলেন, মঙ্গলবার থেকে এ ক্যাম্পের সকল কার্যক্রম নতুন করে পরিচালিত হবে। ক্যাম্পের পুরনো সকল নথিপত্র সরিয়ে ফেলা হয়েছে।

প্রত্যাহার হওয়া এএসআই লুৎফর রহমান মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার তো কোনো দোষ ছিল না। চাঁদাবাজি যা করার সব তো এসআই ওয়ালী আশরাফ স্যার করেছেন। আমি তো হুকুমের গোলাম ছিলাম।”

বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, আমিনবাজার ক্যাম্পের এএসআই লুৎফর রহমানসহ পুলিশ সদস্যরা প্রতিদিনই তাদের কাছ থেকে মাছ-মাংস, শাকসব্জিসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যান, যা দিয়ে ক্যাম্পের পুলিশদের রান্না হয়, কেউ কেউ বাড়িতেও নিয়ে যান।  পুলিশ সদস্যরা কখনো এসব পণ্যের দাম দেন না।  এর বাইরেও মাঝেমধ্যেই তাদের ‘চাঁদা’ দিতে হয় ব্যবসায়ীদের।

সোমবার সকালেও চার পুলিশ সদস্য কাঁচাবাজারে গিয়ে জিনিসপত্র চাইলে ব্যবসায়ীরা তাদের পরে আসতে বলেন। এরপর ক্যাম্প থেকে আরো কয়েকজনকে নিয়ে পুলিশ সদস্যরা আবারো বাজারে গেলে ব্যবসায়ীদের সঙ্গে বাক বিতণ্ডা শুরু হয়।  

এর এক পর্যায়ে ব্যবসায়ীরা বাজার বন্ধ রেখে মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুরে নেন।

২০১১ সালের ৭ জুলাই শবেবরাতের রাতে বড়দেশী গ্রাম সংলগ্ন কেবলার চরে ঢাকার ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর আমিনবাজারে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয়।