২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা

মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করছে দেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 11:36 AM

Updated : 23 Aug 2022, 06:47 PM

বাংলা পঞ্জিকা অনুযায়ী জাতীয় কবির ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে মঙ্গলবার। বঙ্গাব্দ ১৩৮৩ ’র ১২ই ভাদ্র (১৯৭৬ সালের ২৯ অগাস্ট) ঢাকায় মারা যান বিদ্রোহ ও সুন্দরের পূজারী নজরুল।

জাতীয় কবির স্মরণে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমি ও নজরুল ইনস্টিটিউট পৃথক কর্মসূচি নিয়েছে।

সকালে কবি পরিবারের পক্ষ থেকে নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন কবির নাতনী খিলখিল কাজী। তিনি সবাইকে কবির আদর্শ ধারণ করে সামনে এগিয়ে চলার আহ্বান জানান।

সরকারের পক্ষে সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জাতীয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দীপু মনি বলেন, “বর্তমানে নারীর অধিকার ও সামাজিক সাম্য প্রতিষ্ঠায় যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে, কবির আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সূচনা করেছিলেন। বর্তমান সরকারও তা অব্যাহত রেখেছে।”

যত বাধা বিপত্তি আসুক, তা মোকাবেলা করে কবির দেখানো পথে দেশকে এগিয়ে নেয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

আবুল কালাম আজাদ বলেন, “দেশের এই সঙ্কটময় সময়ে নজরুলের জীবন থেকে প্রেরণা নিয়ে রাজনীতিতে তার আদর্শের প্রয়োগ ঘটাতে হবে।”

বিএনপির পক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

তিনি বলেন, “মানবতা ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তার জীবনী ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে বর্তমানের সংঘাতময় পরিস্থিতির মোকাবেলা করতে হবে।”

শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে জাতীয় কবির কবরে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নজরুলের গান ও কবিতা প্রেরণা যুগিয়েছিল উল্লেখ করে উপাচার্য বলেন, বর্তমান প্রজন্মকে আরো বেশি নজরুলমনস্ক হতে হবে।

এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমী, নজরুল একাডেমী, সত্যেন সেন শিল্প গোষ্ঠী, চারণ সাংস্কৃতিক একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, উদীচী, ঋষিজ শিল্প গোষ্ঠী, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ. নজরুল ইন্সটিটিউট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সর্বস্তরের মানুষের ফুলে ফুলে ভরে ওঠে কবির সমাধি।  

১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম।

মাত্র ২২ বছরের সাহিত্যজীবনে অসংখ্য কবিতা, গান, উপন্যাস, প্রবন্ধ ও নাটক রচনার পাশাপাশি বেশ কিছু পত্রিকা সম্পাদনা করেন তিনি। এই বৈচিত্র্যপিয়াসী কবি চলচ্চিত্রেও অভিনয় করেন।

১৯২২ সালে নজরুলের বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’ প্রকাশিত হওয়ার পর তার অগ্নিগর্ভ কবিতার বজ্রনির্ঘোষে ব্রিটিশ রাজের ভিত কেঁপে ওঠে। ব্রিটিশবিরোধী লেখার জন্য বেশ কয়েকবার কারারুদ্ধও হতে হয় তাকে।

ভারতবর্ষের রাজনৈতিক মুক্তির অন্যতম শর্ত যে হিন্দু-মুসলমানের ঐক্য সে কথা সে সময় তার মতো করে আর কেউ বলেননি। আজীবন তার সাহিত্য সাধনায় ও জীবনাচরণে সেই ঐক্যের সাধনা করে গেছেন কবি।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বজনীন মুক্তি ও মানবতার কবি নজরুল সাহিত্যকে নিয়ে গেছেন সাধারণ মানুষের কাছে। বাংলা গানে সুরের যে বৈচিত্র্য তিনি রচনা করেছেন তা অতুলনীয়।

কবির জীবনাচরণ ছিলো অনিয়ন্ত্রিত। সেই সঙ্গে ছিল দারিদ্র্যের কষাঘাত। ফলে চল্লিশের দশকের শুরু থেকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হন বিদ্রোহী কবি। এক পর্যায়ে বাকশক্তি হারান; বন্ধ হয়ে যায় তার লেখনী। সে সময় নজরুল ছিলেন কলকাতায়।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ২৪ মে অসুস্থ কবি ও তার পরিবারের সদস্যদের নিয়ে আসা হয় ঢাকায়। এর কিছুদিন পর তাকে জাতীয় কবি ঘোষণা করা হয়।

বাংলা সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে সম্মানসূচক ‘ডি লিট’ ডিগ্রি দেয়।

১৯৭৬ সালে একুশে পদকে ভূষিত করা হয় নজরুলকে। সে বছরই ২৯ অগাস্ট তৎকালীন পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানবতা ও বিদ্রোহের কবি। 

রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উত্তর পাশে, যেখানে এখন গড়ে উঠেছে নজরুল কমপ্লেক্স।