পুলিশ কর্মকর্তা হত্যাকাণ্ডে বাড়ির তত্ত্বাবধায়কের জবানবন্দি
পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগম হত্যাকাণ্ডের মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন তাদের বাড়ির দুই তত্ত্বাবধায়ক।
সোমবার ঢাকার আদালতে তত্ত্বাবধায়ক আমজাদ আলী ও শাহীনুর ইসলামের সঙ্গে রাজধানীর চামেলীবাগের ওই বাড়ির পাহারাদার আব্দুল মোতালেবও জবানবন্দি দেন।
গত ১৬ অগাস্ট নিজেদের ফ্ল্যাটে এসবি পরিদর্শক মাহফুজ ও স্বপ্নার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। এই হত্যাকাণ্ডের ‘হোতা’ হিসেবে তাদের কিশোরী কন্যা ঐশী রহমান গ্রেপ্তারের পর কারাগারে রয়েছে।
আমজাদ, শাহীনুর ও মোতালেব ১৬৪ ধারায় হাকিম কেশব রায় চৌধুরী, মো. আসাদুজ্জামান নূর ও মো. রেজাউল করিমের কাছে জবানবন্দি দেন।
ঘটনার সাক্ষী হিসেবে এই মামলায় ওই তিনজনের জবানবন্দি নিতে তাদের আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবু আল খায়ের।
লাশ উদ্ধারের আগের দিন ঐশীকে বাড়ি থেকে বেরিয়ে যেতে এই তিনজন দেখছেন বলে ইতোপূর্বে জানিয়েছেন। মামলার শুনানির সময় এই সাক্ষীদের পাওয়া না যেতেও পারে শঙ্কা থেকে তাদের জবানবন্দি নিতে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
এর আগে ঐশী ও তাদের বাড়ির শিশু গৃহকর্মী খাদিজা খাতুন সুমী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
