‘সাত বুলেটের চৌদ্দ ক্ষত’
নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে ‘সাত বুলেটের চৌদ্দ ক্ষত’ নামে একটি বই প্রকাশিত হয়েছে।
আবুল কালাম শামস্উদ্দিন রচিত ‘কনফেশন অব অ্যা টেররিস্ট’ বইয়ের বাংলা সংস্করণ এটি। অনুবাদ করেছেন লেখকের সহযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা আখতার আহমেদ বীরপ্রতীক।
সোমবার বিকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে এক প্রকাশনা উৎসবে দুটি সংস্করণেরই মোড়ক উন্মোচন করা হয়।
শামস্উদ্দিনের এই প্রয়াসকে ‘মুক্তিযুদ্ধের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইতিহাসের নির্মোহ পাঠ’ হিসাবে আখ্যায়িত করেন অনুষ্ঠানে মূল বক্তা মুক্তিযুদ্ধ গবেষক, সাংবাদিক ও কলাম লেখক আফসান চৌধুরী।
তিনি বলেন, “সামগ্রিকভাবে আমরা কোনো জিনিস দেখতে পাই না- এটা আমাদের সীমাবদ্ধতা। কিন্তু এই বইটিতে একাত্তরের সামগ্রিক চিত্র উঠে এসেছে, যা বাংলাদেশের একাত্তর চর্চায় খুব কম ঘটেছে বলে আমার ধারণা।”
অনুবাদ প্রসঙ্গে আফসান চৌধুরী বলেন, “অনুবাদ এতখানিই নিখুঁত এবং ঝরঝরে যে এটিকে মোটামুটি মৌলিক একটা কাজ বলা যেতে পারে।”
এ বিষয়ে অনুবাদক বলেন, “ইংরেজি বইটা অনেকখানি ডিটেইলে লেখা হলেও আমি এটা অনেকখানি নিজের মতো করে লিখতে পেরেছি। কারণ এই ইতিহাসের সঙ্গে আমিও জড়িত ছিলাম।”
অধ্যাপক আবুল কালাম শামস্উদ্দিন যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক ও বিজ্ঞানী। ক্যান্সার গবেষণার ক্ষেত্রে তার বিশেষ অবদান রয়েছে।
একাত্তরে ঢাকা মেডিকেল কলেজ থেকে সদ্য এমবিবিএস পরীক্ষায় অংশ নেয়া শামস্উদ্দিন ২ নম্বর সেক্টরে চিকিৎসক হিসাবে যোগ দেন। পরে ছয় নম্বর সেক্টরে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবার দায়িত্ব নেন। বইটিতে মূলত সেই সময়েরই স্মৃতিচারণ করা হয়েছে।
বইটির ভূমিকায় লেখক বলছেন, “বাংলাদেশের অনেকেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানে না। যে কারণে অনেকেই মুক্তিযুদ্ধের বছরটাকে অবহেলাভরে গণ্ডগোলের বছর বলে চালিয়ে দেয়ার প্রয়াস পায়।”
“এটা ইতিহাস চর্চার অভাবেও হতে পারে অথবা কোনো রাজনৈতিক কারণেও হতে পারে। কিংবা এই দুই কারণেই হতে পারে। আমি ভয় পাচ্ছি যে বাঙালি জাতি এই অজ্ঞতার কারণে ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটায়।”
কাজী শাহেদ আহমেদের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হাবিবুল আলম বীরপ্রতীক ও সাবেক সেনা কর্মকর্তা ফজলুল কবীর।
