আদালতের নির্দেশে ২২ দিন পর মামলা নিলো পুলিশ
চট্টগ্রামে সৎ বাবার বাসায় এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনাকে অপমৃত্যু বলে চালিয়ে দিতে চাইলেও সফল হতে পারলো না পুলিশ।
ঘটনার ২২ দিন পর আদালতের নির্দেশে হত্যা মামলা হিসেবে নিতে বাধ্য হয়েছে নগরীর চান্দগাঁও থানা পুলিশ।
গত ৪ অগাস্ট ভোর রাতে চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকার বরিশাল বাজার রিয়াজউদ্দিন উকিল বাড়ি থেকে চান্দগাঁও নুরুল ইসলাম বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী রাফিদা আকতার নিহার (১৩) লাশ উদ্ধার করে পুলিশ।
ওই দিন চান্দগাঁও থানার এসআই মোহাম্মদ জাকের হোসাইন জানান, আট মাস আগে নিহা তার মা খালেদা আকতারের সঙ্গে সিএন্ডবি এলাকায় বরিশাল বাজার রেয়াজউদ্দিন উকিল বাড়ির বাসিন্দা শফিউল আলম সওদাগরের বিয়ে হয়। এর পর থেকে নিহা তার সৎ বাবার বাড়িতেই থাকত।
সেখানে খলিল উদ্দিন ইরফান (২৪), আমজাদ হোসেন ইমরান (২২), আবদুর রহমান আলফাজ (২০) ও সানা উল্লাহ আরাফাত (১৮) নামে তার চার সৎ থাকতো।
এঘটনায় মেয়েটির মা শফিউলসহ তার চার ছেলের বিরুদ্ধে হত্যামামলা করতে চাইলেও পুলিশ তা না গ্রহণ করে অপমৃত্যুর মামলা করে বলে জানান বাদির আইনজীবী সাহেদ খন্দকার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ প্রথমে মামলা নিতে অস্বীকৃতি জানালে গত ২০ অগাস্ট খালেদা আকতার বাদি হয়ে মহানগর বিচারিক হাকিম নূরে আলম ভূঁইয়ার আদালতে অভিযোগ করেন।
আদালত অভিযোগ আমলে নিয়ে চান্দগাঁও থানা ওসিকে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিলে রোববার রাতে মামলাটি থানায় গ্রহণ করা হয় বলে জানান তিনি।
ঘটনার সময় চান্দগাঁও থানার ওসি ছিলেন বাবুল চন্দ্র বণিক। বুধবার তাকে সরিয়ে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশে বদলি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, গত ৩ অগাস্ট রাত আনুমানিক ১১টার দিকে টিভি দেখার সময় নিহারকে শয়নকক্ষে ডেকে নিয়ে মারধর করে তার সৎ চার ভাই ও তাদের বাবা। এসময় মা খালেদা আকতার রক্ষা করতে গেলে তাকেও মারধর করে ঘরের দরজা বন্ধ করে দেয় তারা। পরে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে নিহারকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখতে পান খালেদা।
