কুমিল্লায় বৃদ্ধ খুন, ছেলেরা পলাতক
কুমিল্লার মনোহরগঞ্জে এক বৃদ্ধকে তার ছেলেরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ।
সোমবার সকালে হাজী আবদুল করিমকে (৮৫) তার প্রথম পক্ষের তিন ছেলে ও দুই নাতি প্রকাশ্যে কুপিয়ে মেরে ফেলেছে বলে পুলিশকে জানিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী সাবিয়া খাতুন।
আবদুল করিম মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি গ্রামের মৃত নকু মিয়ার ছেলে।
জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছেন সাবিয়া খাতুন।
তিনি বলেন, প্রথমপক্ষের ছেলে ফয়েজ উল্লাহ, শহিদ উল্লাহ ও অহিদ উল্লাহ জাল দলিল করে তার জমি দখল করতে চেয়েছিল। এ ঘটনায় মামলা করায় তারা বাবার উপর ক্ষিপ্ত ছিল।
সোমবার ভোরে সম্পত্তি নিয়েই এই তিন ছেলের সঙ্গে তার কথা কাটাকাটি হয় বলে জানান সাবিয়া।
“এরপর তিনি বাড়ির পাশের দোকানে চা খেতে গেলে তার ছেলেরা তাকে রামদা ও চাপাতি দিয়ে প্রকাশ্যে এলোপাথড়ি কোপাতে থাকে। এ সময় তাদের সঙ্গে দুই নাতি হাসান মিয়া ও মিজান মিয়াও হামলায় অংশ নেয়।”
ঘটনাস্থলেই করিম মারা যান বলেও জানিয়েছেন তিনি।
মনোহরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সফিউদ্দিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
তিনি বলেন, হত্যার পর খুনিরা এলাকা থেকে পালিয়ে গেছে।
