ইবিতে ‘শিবিরের বাধায়’ পরীক্ষা পণ্ড
‘ইসলামী ছাত্র শিবিরের বাধায়’ ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি বিভাগের স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা হয়নি।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসয়নিক প্রযুক্তি বিভাগের মাস্টার্স ২০১১-১২ সেশনের ৫০২ নং কোর্স ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল।
বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, সকাল ৯টায় পরীক্ষা হওয়ার কথা ছিল। শিবির নেতা শাহিনও পরীক্ষার্থী। কিন্তু তিনি গ্রেপ্তার হয়ে ঢাকা কারাগারে থাকায় বিভাগীয় প্রধানের কাছে পরীক্ষা পেছানোর আবেদন করে শিবির।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামসুল আলম তাদের আবেদন নাকচ করে দিলে ৯টার আগেই শিবির নেতাকর্মীরা ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের সামনে জড়ো হয়ে নানা ধরনের হুমকি দিতে থাকেন।
এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামসুল আলম বলেন, “আমরা পরীক্ষা নেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু শিবির আমাদেরকে পরীক্ষা না নিতে নানাভাবে হুমকি দেয়।এক পর্যায়ে আমরা মিটিং এ বসি। কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারিনি।”
পরবর্তী কার্যদিবসে তারা এ বিষয়ে সিদ্ধান্তে আসবেন বলেও জানান তিনি।
তবে বিশ্ববিদ্যালয় শিবিরের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ বলেন, “ঘটনাটা আমি শুনেছি। তবে ওখানে শিবিরের কেউ ছিল না। যা হয়েছে তা তার সহপাঠী বন্ধুরাই করেছে।”
উদ্দেশ্য প্রণোদিতভাবে সাধারণ ছাত্রদের সঙ্গে শিবিরকে জড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি।
